চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরের ব্যারাকে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
নিহত ওই বিজিবি সদস্যের নাম আজিজুল রহমান। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার নিত্যনন্দপুর গ্রামের বাসিন্দা এবং চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) কর্মরত ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বিজিবি ৬ ব্যাটালিয়নের ৬ তলা ব্যারাকের ষষ্ঠ তলার একটি ফাঁকা রুমে দেয়ালের হুকের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আজিজুল রহমান।
চা বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সকালে ওই সদস্য আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা কোনও ব্যাধিতে ভুগছিলেন। ঘটনার পরপরই পুলিশকে খবর দেয়া হয় এবং তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজুল রহমান নামের এক বিজিবি সদস্যের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
