কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত

বাগেরহাটের ফকিরহাটে বাদল মোড়ল (৪০) নামে এক ইউনিয়ন কৃষক দলের সভাপতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা আব্দুল্লাহ মোড়ল (৪২) নামে এক ওয়ার্ড বিএনপির সভাপতি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাদল মোড়ল উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশ্যে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলা কেটে হত্যা করা হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন।

এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।