ইসলামী ব্যাংক নিয়ে যে ঘোষণা দিলেন নতুন প্রশাসক

ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, ঋণের নামে বের করে নেওয়া অর্থ উদ্ধারেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আজ সোমবার (১৫ জুন) মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংকে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন জহির হোসেন।

ইসলামী ব্যাংকে চেয়ারম্যান বসানো নিয়ে সম্প্রতি অস্থিরতার ইতি টানতে গতকাল রোববার রাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এখন থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

ইসলামী ব্যাংকের নিয়মিত পরিচালনগত কাজ ছাড়া অন্য কিছু করবেন না জানিয়ে জহির হোসেন বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। পাশাপাশি ব্যাংকটিকে আগের মর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।

জহির হোসেন বলেন, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে। আমি অপারেশনাল কাজগুলো করব। প্রায়োরিটি বেসিস ব্যাংকের যেসব করা দরকার, সেগুলো করব। পাশাপাশি ঋণের নামে বের করে নেওয়া অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ নেব।