ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার তিন যুবক কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)। জানা যায়, কথিত প্রেমিক তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমন একটি কাণ্ড ঘটিয়েছে।
ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
