হজ্জযাত্রীদের প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ, পীরের দুই ছেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ হজ্জযাত্রীদের প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগ উঠেছে। ‘এসবি ওভারসিজ’ নামে একটি নিবন্ধনহীন প্রতিষ্ঠানের আড়ালে বিভিন্ন কাফেলা ও ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে তারা আত্মগোপনে রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার পক্ষ থেকে আদালতে চেক জালিয়াতির (ডিজঅনার) পৃথক মামলা দায়ের করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আইনগিরি গ্রামের মাওলানা মো. গোলাম মাওলা ‘হোসাইনিয়া হজ্জ কাফেলা’র মাধ্যমে দীর্ঘদিন ধরে ওমরাহ যাত্রী সৌদিতে পাঠিয়ে আসছিলেন। নিজ জেলার বাসিন্দা এবং পীরজাদা হিসেবে আস্থা রেখে তিনি ২০২৫ সালের জানুয়ারি মাসে অভিযুক্ত হাম্মাদ ও মিশকাতের সঙ্গে যোগাযোগ করেন।

৬৫ জন ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও ভিসার জন্য ২০২৫ সালের ১৪ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত নগদ ও ইসলামী ব্যাংকের মাধ্যমে মোট ৯৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করেন গোলাম মাওলা। এই অর্থের একটি অংশ হাম্মাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি নগদ টাকা হাম্মাদের বাবা মুহাম্মদ যাকারিয়া চৌধুরীর হাতে তুলে দেয়া হয় বলে অভিযোগ।