চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল যখন শেষ ষোলোর মঞ্চে, তখন মাঠের উত্তাপ গড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ম্যাচ শেষে জার্মানির বিখ্যাত অর্থনীতিবিদ ও ফুটবল ভবিষ্যদ্বক্তা জোয়াকিম ক্লেমেন্টকে নিয়ে টুইট করে তোলপাড় ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
সামাজিক যোগাযোগমধ্যমে নেইমার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সরাসরি ট্যাগ করেন জোয়াকিম ক্লেমেন্টকে। নিজের ক্ষোভ ও ব্যঙ্গ মিশিয়ে নেইমার লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা মূলত এই অর্থনীতিবিদের করা একটি ‘ভুল’ ভবিষ্যদ্বাণীর জবাব।
জোয়াকিম ক্লেমেন্ট ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম গাণিতিক মডেলের মাধ্যমে সঠিকভাবে বলে ফুটবল বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। মাথাপিছু জিডিপি, দেশের জনসংখ্যা এবং আবহাওয়ার মতো জটিল সূচক ব্যবহার করে গত ৯ এপ্রিল ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এবারের বিশ্বকাপে ব্রাজিল রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেবে। তার মডেলে ব্রাজিলকে জাপানের কাছে হেরে বাড়ি ফেরার কথা ছিল।
হিউস্টনে ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার সময় অনেকেই হয়তো ক্লেমেন্টের সেই গাণিতিক হিসাবকে সঠিক মনে করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে কাসেমিরোর গোলে সমতা এবং ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোল ব্রাজিলকে বাঁচিয়ে রাখে। সেই অবিশ্বাস্য কামব্যাকের পরই নেইমার মোক্ষম সুযোগটি কাজে লাগান।
ফুটবলপ্রেমীদের মতে, নেইমারের এই টুইট কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি প্রমাণ করে যে ফুটবল শুধুই পরিসংখ্যান বা জিডিপির গাণিতিক হিসাব নয়; বরং এটি মাঠের লড়াই ও আবেগের খেলা।
কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হতে যাওয়া ব্রাজিলের এই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচে সেলেসাওরা তাদের পারফরম্যান্স দিয়ে গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীকে কতটা ভুল প্রমাণ করতে পারে।
