ফুটবল বিশ্বকাপকে বিদায় জানাল আরেক তারকা

আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হলো সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলের পরাজয়ে। আর সেই পরাজয়ের সঙ্গে শেষ হলো দেশটির ফুটবলের এক উজ্জ্বল অধ্যায়ও। ম্যাচ শেষের বাঁশি বাজার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ।

শুক্রবার (৩ জুলাই) কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় সুইজারল্যান্ড ও আলজেরিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সুইসরা ১০ মিনিটেই এগিয়ে যায়। জোহান মাঞ্জাম্বির বাড়ানো বল থেকে ব্রিল এমবোলো গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও আঘাত হানে সুইসরা। ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক জোরালো শটে গোল করেন ড্যান এনদোয়ে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল বলের দখলে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা ও সতীর্থরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো একের পর এক নষ্ট হয়। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলও একাধিক দুর্দান্ত সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

এই হারের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন। তবে এবারের আসরে তাদের পথচলাও ছিল সংগ্রামের। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। পরে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ গোলে রুদ্ধশ্বাস ড্র করা ম্যাচে জোড়া গোল করেছিলেন মাহরেজ। সেই ফলের সুবাদে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় আলজেরিয়া। কিন্তু শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে তাদের যাত্রা থেমে যায়।

ম্যাচ শেষে হতাশ মাহরেজ বলেন, লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা। আমার মনে হয় ম্যাচটি আমাদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু আমরা দুটি ভুল করেছি, আর সেই ভুল থেকেই দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য অনেক বেশি।

এরপর তাকে প্রশ্ন করা হয়, এটি কি তার শেষ বিশ্বকাপ ম্যাচ? উত্তরে শুধু বিশ্বকাপ নয়, জাতীয় দলকেই বিদায় জানানোর ঘোষণা দেন আলজেরিয়ার অধিনায়ক। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এটি শুধু আমার শেষ বিশ্বকাপ ম্যাচ নয়। আলজেরিয়া জাতীয় দলের হয়েও এটাই ছিল আমার শেষ ম্যাচ। আমি নিশ্চিত করছি, এটাই ছিল আমার শেষ টুর্নামেন্ট। এখানেই সমাপ্তি।