বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। কোয়ার্টার ফাইনালের উত্তেজনা শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই এবার উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম।
শেষ চারে ওঠা চার দলেরই আছে বিশ্বকাপ জয়ের গৌরব। অতীতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া চারটি দল একই আসরের সেমিফাইনালে ওঠার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গিয়েছিল। সেই হিসাবে এবার তৃতীয়বারের মতো চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনালের লড়াই।
এবার অপেক্ষা ফাইনালের দু’দল পাওয়ার। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ডালাসে ১৪ জুলাই দিবাগত রাত ১টায় মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে লড়বেন দু’দলের তারকারা।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টায় ১৫ জুলাই দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে থাকবে আরেকটি ফাইনালে ওঠার সুযোগ। অন্যদিকে দীর্ঘদিনের বিশ্বকাপ সাফল্যের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড।
সব মিলিয়ে বিশ্বকাপের দুই সেমিফাইনালেই অপেক্ষা করছে জমজমাট লড়াই। ফ্রান্স-স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে শেষ পর্যন্ত কোন দুই দল শিরোপার লড়াইয়ে টিকে থাকে, এখন সেটিই দেখার অপেক্ষা।
