চলমান বিশ্বকাপে হেক্সা মিশনে মাঠে নেমে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে মাঠেই কেঁদেছিলেন নেইমার জুনিয়র। সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও নাড়া দিয়েছিল। কিন্তু সেই হতাশা কাটতে না কাটতেই নতুন এক প্রতিযোগিতায়ও হেরে বসলেন এই ব্রাজিলিয়ান পোস্টারবয়।
৩৪ বছর বয়সী নেইমারের হার এবার ফুটবল মাঠে নয়, লাস ভেগাসের পোকার টেবিলে থামল তার পথচলা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পোকার আসর ওয়ার্ল্ড সিরিজ অব পোকায় অংশ নিয়েছিলেন সান্তোস তারকা। কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি তার। টুর্নামেন্টের প্রথম দিনেই হতাশাজনক বিদায় নিয়েছেন ব্রাজিলের ইতিহাসে এই সর্বোচ্চ গোলদাতা।
গত শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হর্সশু অ্যান্ড প্যারিস হলে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের ১০ হাজার মার্কিন ডলার এন্ট্রি ফি’র ইভেন্টে খেলতে নামেন নেইমার। তার সঙ্গে ছিলেন ব্রাজিলের পরিচিত পোকার খেলোয়াড় আন্দ্রে আক্কারি ও রাফায়েল মোরায়েস। তবে শুরুতেই পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে ১০ হাজার ডলার হারেন নেইমার । ছবি- ভিডিও থেকে নেয়া
২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিয়ে ১০ হাজার ডলার হারেন নেইমার । ছবি- ভিডিও থেকে নেয়া
যদিও পেশাদার পর্যায়ের পোকার টুর্নামেন্টে এটি নেইমারের প্রথম অংশগ্রহণ নয়। গত কয়েক বছর ধরে এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন তিনি। ২০২২ সালে একটি টুর্নামেন্টে ২২০০ প্রতিযোগির মধ্যে ৪৯তম হয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিলেন নেইমার। কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
ফলাফল পক্ষে না গেলেও অবশ্য নেইমারের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত পোকার খেলোয়াড় ফারাজ জাকা বলেন, ‘নেইমার ভালো খেলেছেন এবং কয়েকটি দারুণ ব্লাফও করেছেন।’ অর্থাৎ শুধু তারকা হিসেবে নয়, প্রতিযোগী হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
