ধর্ষণের অভিযোগে আটক তামিম ইকবাল

যশোরের শার্শায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে শার্শার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত তামিম ইকবাল উপজেলার গোগা বাজার এলাকার বাসিন্দা।

​ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা শার্শার আফিল জুট মিলে চাকরি করেন। গত ২৬ জুন রাতে তিনি রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায় তামিম।

এরপর সে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে কুপ্রস্তাব দেওয়া হলে রাজি না হওয়ায়, শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে তামিম।

ঘটনার পর শিশুটির মা বিস্তারিত জানতে পেরে শার্শা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে ধর্ষণ মামলা রুজু করা হয়।

​মামলা রুজু হওয়ার পরপরই শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তামিমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।