যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল।
রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুনা পারভীন (৩০) শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।
অভিযানকালে আটককৃত নারীর কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই (IMEI) নম্বর ও সিম কার্ডসংবলিত ২টি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন এমন একটি গোপন সংবাদ পায় পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান চালায়।
রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। আজ সোমবার দুপুরে আসামি রুনা পারভীনকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
