মেসির সেই বক্তব্যের পুরো ভিডিও ফাঁস

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘সব ভুলে যাও’ মন্তব্যটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি পুরো ভিডিও প্রকাশের পর বিষয়টি নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, ‘চলো সবাই, শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলায় মনোযোগ দাও, ঠিক আছে? সবকিছু ভুলে যাও। শুধু খেলো, শুধু খেলায় মনোযোগ দাও। চলো!’

মেসির বক্তব্যের পর দলের খেলোয়াড়দের মধ্যেও কৌশলগত আলোচনা হয়। গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকে স্পেনের আক্রমণভাগ, বিশেষ করে লামিন ইয়ামালের বিপক্ষে কীভাবে অবস্থান নিতে হবে, সে বিষয়ে পরামর্শ দেন।

এরপর লিসান্দ্রো ‘লিচা’ মার্তিনেস গোলরক্ষককে বলেন, ‘দিবু, ওরা যখন ভেতরে কাট করে তখন সাবধান থাকতে হবে। ওরা সব সময় পা খুলে শট নিতে চায়, তাই না?’

পরে লিচা নিকোলাস তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে বলেন, ‘চলো নিকো, তুমি ওকে পুরো ম্যাচ জুড়ে আটকে রাখবে। দিবু, শক্ত থাকো। প্রতিটি বল নিজের করে নাও, ঠিক আছে?’

এ সময় সামনে হাঁটতে থাকা মেসি ঘুরে ডিফেন্ডারদের উদ্দেশে বলেন, ‘ওরা যখন আক্রমণে আসবে, তখন লিয়ান্দ্রো (পারেদেস) আর এনজো (ফার্নান্দেজ)-কে বলো যেন বেশি সামনে না উঠে।’

ভিডিওর শেষ দিকে রোমেরো দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে মার্তিনেজ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আজ আমার দিন, আজ ইতিহাস তৈরি হবে।’

এরপর দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন এবং ম্যাচ শুরুর আগে সৌহার্দ্যপূর্ণভাবে একে অপরকে শুভেচ্ছা জানান। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খেলার মধ্যে এবং শেষ বাঁশির পরও দুই দলের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা দেখা যায়। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে তিক্ত পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়।

এই ভিডিও নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তার নিজ শহর পুজাতো সফরের সময় বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। আমি কিছুই জানি না। আপনারা কী নিয়ে বলছেন, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের হাতে “মালভিনাস আর্জেন্টিনার’ লেখা পতাকা দেখা যাওয়া নিয়েও যে আলোচনা শুরু হয়েছিল, সে প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এ বিষয়ে আগে থেকে আমার কোনো ধারণা ছিল না। কেউ আমাদের কিছু জানায়নি। আমি আপনাদের মতোই পরে পতাকাটি দেখেছি।’

পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশের পর অনেকের মতে, মেসির ‘সব ভুলে যাও’ বক্তব্যটি কোনো গোপন বার্তা নয়; বরং ফাইনালের চাপ, বাইরের আলোচনা ও মানসিক চাপ থেকে সতীর্থদের দূরে রেখে শুধুমাত্র খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান ছিল।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস