আর্জেন্টিনায় চুরির শিকার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার

রুগুয়ের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। পেনিয়ারোলের যুব একাডেমি থেকে উঠে আসা এবং সর্বশেষ উরুগুয়ের অপেশাদার ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানোর হয়ে খেলা ২২ বছর বয়সী স্ট্রাইকার মারিও ব্রুনো বেন্তানকোর হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় (কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট) মারা গেছেন। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গোল ডটকম। 

বেন্তানকোরকে একসময় পেনিয়ারোলের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হতো। মৃত্যুর কয়েকদিন আগে তিনি আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রা’য় ট্রায়াল দিতে বুয়েনস আইরেসে গিয়েছিলেন। ট্রায়ালে অংশ নিলেও শেষ পর্যন্ত ক্লাবটি তাকে দলে নেয়নি।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রায়াল চলাকালে বেন্তানকোর কয়েকজন সতীর্থের বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগ এনে আলোচনায় আসেন। এরপর কোনো চুক্তি ছাড়াই তিনি উরুগুয়েতে ফিরে যান। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

দেপোর্তিভো ইতালিয়ানো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, ‘তোমার করা প্রতিটি গোলের উল্লাসে, প্রতিটি আলিঙ্গনে এবং এই ক্লাবের; তোমার নিজের ক্লাব দেপোর্তিভো ইতালিয়ানোর প্রত্যেক মানুষের হৃদয়ে তুমি চিরকাল বেঁচে থাকবে। শান্তিতে বিশ্রাম নাও।’

বেন্তানকোরের অকাল মৃত্যু উরুগুয়ের ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। তরুণ এই স্ট্রাইকারের মৃত্যুতে সাবেক সতীর্থ, কোচ এবং ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন।