কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরো দুজন আহত হয়েছেন।
তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের সাহাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম মিজানুর রহমান (২৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।
আহত অপর দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহারবিল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম উদ্দিন জানান, ছাত্রদল নেতা মিজান দুই বন্ধুকে নিয়ে সাহাপুরা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে মিজান মারা যায়। অপর দুজন চিকিৎসাধীন।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ছাত্রদল নেতা মিজান মারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

