২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। তবে নতুন বছরে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান ও ঈদের ছুটি শেষে ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং ধারাবাহিকভাবে তা শেষ হবে ১৫ এপ্রিল।
গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। যেখানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই সঙ্গে ওই বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

