তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা তার জানা নেই।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমানের দেশে আগমনে আমার জানা মতে কোনো আইনি জটিলতা নেই। যদি কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সরকার সে বিষয়ে সর্বোচ্চ সহায়তা দেবে। তার নিরাপত্তা নিয়েও আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, তিনি নিজেই সময় ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। উপযুক্ত সময় এলে তিনি দেশে ফিরবেন—এ বিষয়ে আমার সন্দেহ নেই।”

তারেক রহমানকে ঘিরে বিভিন্ন মহলে যে মন্তব্য বা প্রশ্ন ওঠে, সে বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, “অনেকে নানা প্রশ্ন তোলেন—কেন তিনি আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন অরুচিকর মনে হয়। এটি একান্তই পরিবারিক ব্যাপার, মা-ছেলের বিষয়। এখানে খালেদা জিয়ার ভূমিকা বা তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত কী—এসব নিয়ে আগাম মন্তব্য করা ঠিক নয়।”

তিনি আরও মন্তব্য করেন, “কখন কোন সিদ্ধান্ত নিতে হবে, সেটা পরিবারই সবচেয়ে ভালো বোঝেন। সময় ও পরিস্থিতির সঠিক বিচার তারা নিজেরাই করবেন।”