ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ জানান, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। প্রক্রিয়া শেষ হলে পুনরায় লাশটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই বিপ্লবের অগ্রণী ওসমান হাদি। গতকাল সন্ধ্যায় তার লাশ দেশে পৌঁছে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় প্রাপ্ত গুলির কারণে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
