এক নারীর দুই স্বামী, ১০ মাস বয়সী সন্তান নিয়ে ত্রিমুখী লড়াই

পটুয়াখালীতে এক নারীকে ঘিরে দুই স্বামীর দাবিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাস্তব জীবনের এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

তবে ১০ মাস বয়সী এক নিষ্পাপ সন্তানকে ঘিরে তৈরি হয়েছে চরম পারিবারিক জটিলতা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বর্তমানে এটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে প্রথম স্বামীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় একটি সন্তান, যার বয়স বর্তমানে প্রায় ১০ মাস। তবে সংসার শুরুর কিছুদিনের মধ্যেই পারিবারিক কলহ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, প্রথম স্বামী নিজের চাচাতো বোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। স্বামীর অবহেলার সুযোগে ওই নারী তার তালুইয়ের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রথম স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই তিনি কিছুদিনের জন্য দ্বিতীয় ব্যক্তির সঙ্গে সংসার শুরু করেন।

পরবর্তীতে নানা জটিলতার কারণে তিনি আবার প্রথম স্বামীর ঘরে ফিরে আসেন। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, যখন উভয় পুরুষই ওই নারীকে নিজের বৈধ স্ত্রী দাবি করতে থাকেন।

বর্তমানে এই ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে অনিশ্চয়তায় পড়েছে ১০ মাস বয়সী নিষ্পাপ শিশুটি। শিশুর ভবিষ্যৎ ও অভিভাবকত্ব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পারিবারিক বিষয় যখন প্রকাশ্যে আসে, তখন তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। অনেকে আইনি সমাধানের দাবি জানাচ্ছেন।

শেষ পর্যন্ত ওই নারী কার ঘরে থাকবেন, নাকি বিষয়টি আদালতের আইনি প্রক্রিয়ায় গড়াবে—তা নিয়েই এখন পটুয়াখালীজুড়ে চলছে আলোচনা।