জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় দলটির জন্য রাখা আসনগুলোতে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘ফাঁকা থাকা ৪৭টি আসনে মঙ্গলবার প্রার্থী নির্ধারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবে জোটভুক্ত দলগুলো। এ ব্যাপারে বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নীতিনির্ধারণী বৈঠক চলছে।’
ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই গত বৃহস্পতিবার জোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছিল। তখন ৫৩টি আসন ফাঁকা রেখে ২৪৭টি আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক বণ্টন অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস (একাংশ) ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
তবে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। দলটি জানায়, তারা ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে অন্যান্য সমমনা প্রার্থীদের সমর্থন দেবে।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ‘বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত। আমরা সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখার জোর আহ্বান জানাই।’
