টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে নাটকীয়তার শেষ নেই যেন। ভারতীয় গণমাধ্যমগুলোয় খবর, বাংলাদেশকে আবারও জায়গা দেয়া হতে পারে আসন্ন বিশ্বকাপের মঞ্চে। অবশ্য একটি কিন্তু থাকবে সেই প্রস্তাবে।
নিয়ম বলছে কোন দেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে, সেই স্থানে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জায়গা পাবে। যেমন হয়েছে বাংলাদেশের বের হয়ে আসার পর জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। তাহলে বাংলাদেশ কিসের ভিত্তিতে জায়গা ফিরে পাবে?
সমাধান হল পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না ভারতের মাটিতে, খেলতে চেয়েছে শ্রীলঙ্কায়, আইসিসি প্রস্তাবটি মেনে নেয়নি। তাতে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে। আর এ ইস্যুতে প্রথম থেকে এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানকে পাশে পেয়েছে বিসিবি। এমনকি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে এমনও জানিয়ে রেখেছে পিসিবি।
ইতিমধ্যে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, আসছে শুক্রবার থেকে সোমবারের মধ্যে জানাবে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তাতে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে বাংলাদেশ হবে প্রথম পছন্দ। কারণ দুটি।
প্রথম কারণ, বাংলাদেশ বিশ্বকাপে না খেলা দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় কারণ, পাকিস্তানের সবগুলো ম্যাচ হওয়ার কথা শ্রীলঙ্কায়, বাংলাদেশ চেয়েছিল ঠিক এটাই, লঙ্কায় খেলতে। এবং, ওই স্থান বাংলাদেশকে দিতে পারলে আইসিসির জন্য হবে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে সহজ উপায়।
সব আগে দেখার বিষয় পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়। এমনও বলা হচ্ছে, প্রতিবেদনগুলো হয়তো পাকিস্তানকে বিশ্বকাপ বর্জন না করতে দেয়ার একটা নতুন চাপ তৈরির কৌশল। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে, সেই বাংলাদেশ যদি তাদের জায়গায় ডাক পায় সেটা কেমন হবে পাকিস্তানের জন্য?
