বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নাটোরে বিএনপির ১২ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। নাটোর-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী নবাগতদের ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়ন জামায়াত আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে পিপরুল ইউনিয়নে বিএনপির সাবেক ইউনিয়ন সহ-সভাপতিসহ ১২ নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইস্রাফিল, সাবেক যুবদল নেতা মো. খালেদুল ইসলামসহ বিএনপির মোট ১২ জন সক্রিয় নেতাকর্মী।

এ সময় বিএনপি থেকে আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অধ্যাপক মো. ইউনূস আলী বলেন, আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নাটোর সদর ও নলডাঙ্গার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত নাটোর গড়ে তোলা হবে। নাটোর হবে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা সদর। জামায়াতে ইসলামি বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উপজেলা উপহার দেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নাটোর জেলা নায়েবে আমির অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, ইসলামি ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।