আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। এই আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. আব্দুন নুর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের ‘ট্রাক’ প্রতীক ত্যাগ করে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার এই সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, ব্যক্তিগত আবেগের চেয়ে দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের নেয়া কৌশলগত সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর সমর্থনে কাজ করার অঙ্গীকার করেছেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীসহ স্থানীয় জোট নেতারাও উপস্থিত ছিলেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগ পর্যন্ত আব্দুন নুর তার নির্বাচনি এলাকায় বেশ সক্রিয় ছিলেন এবং ট্রাক প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন। তবে প্রার্থিতা ত্যাগের পেছনে রাজনৈতিক কৌশলের পাশাপাশি তিনি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
