পাবনায় দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর এক ছাত্রীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ধানের শীষের নেতাকর্মীদের বিরুদ্ধে। একইভাবে ঝিনাইদহে আরেক রাবি ছাত্রীর পরিবারের সদস্যদের ‘উলঙ্গ করে উপভোগ’ করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
পাবনায় হামলার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মৌগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী রাবির চারুকলা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইনের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রীর অভিযোগ, নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার পর রাত ১১টার দিকে বিজয় মিছিল নিয়ে কয়েকজন তার বাড়ির সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরিবারকে গালাগালি ও হত্যার হুমকি দেয়। তার বাবাকে কুপিয়ে হত্যার এবং বাড়িতে আগুন দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরদিন সকালে নিরাপত্তার আশঙ্কায় তারা বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসা বলেন, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। আতাইকুলা থানার ওসি জামিরুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে হুমকির অভিযোগ
ঝিনাইদহ-২ আসনে জামায়াত প্রার্থী আলী আজম মো. আবু বক্করের জয়ের পর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে এক পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন বিএনপিকর্মী বাড়িতে গিয়ে ভাঙচুরের হুমকি দেয় এবং একপর্যায়ে নারী সদস্যকে বাইরে বের করে ‘উপভোগ’ করার হুমকি দেয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না। পরে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশকে জানানো হলে সংশ্লিষ্টরা এসে বসেন। প্রথমে অভিযুক্তরা অস্বীকার করলেও পরে ক্ষমা চান বলে দাবি করেন তিনি। তবে পরে আবার চাকরি থেকে বাদ দেওয়ার জন্য স্থানীয়ভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জেলা ও উপজেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, তার জানা মতে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই; বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকতে পারে।
