নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করছেন তারেক রহমান, থাকছে চমক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকার খসড়া নিয়ে চলছে নানা গুঞ্জন।

তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এসব তালিকার বেশিরভাগই অনুমাননির্ভর; প্রকৃত তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রিসভা গঠন প্রক্রিয়াটি বর্তমানে তারেক রহমানের একটি ‘সিক্রেট ফাইল’ হিসেবে রয়েছে। দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরিসরে পরামর্শ করা হলেও তারা মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের ভার পুরোপুরি দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০৯টি আসনে জয়ী হয়েছে বিএনপি। দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি।