কুড়িগ্রাম জেল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যে সেখানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা ছাত্রলীগের নেতা বাঁধন ও লুব্ধ’র নেতৃত্বে ছয় থেকে সাত জনের একটি দল জেলা শহরের ঘোষপাড়ার পরিত্যক্ত কার্যালয়ে ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। এ সময় ‘জয় বাংলা’ শ্লোগান দেন তারা। এর কিছুক্ষণ পর পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে একদল যুবক এসে কার্যালয়টি পুনরায় ভাঙচুর করে এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপরে আব্দুল আজিজ নাহিদ জানান, কয়েক দিন আগে ঘোষণা দেয়া হয়েছিল প্রত্যেকটি আওয়ামী লীগ কার্যালয় আবার খোলা হবে। তারই অংশ হিসেবে আজ কুড়িগ্রামের কার্যালয়ে ব্যানার ও পতাকা টাঙানো হয়। আমরা আগেও এটি ভেঙে দিয়েছি। কুড়িগ্রাম তো দূরের কথা, বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কার্যালয় থাকবে না।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছে। এত বড় ঘোষণা শোনার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিষয়টি এসপিকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে ছাত্র-জনতা। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
