আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানোর বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, সপ্তাহ শেষ হওয়ার আগেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট।
সূত্রটি জানায়, বিষয়টি এখনো পরিবর্তনশীল এবং চলমান আলোচনার পর্যায়ে রয়েছে। কারণ হোয়াইট হাউজ হামলা হলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং এর মধ্যপ্রাচ্যজুড়ে প্রভাব কী হতে পারে তা বিশ্লেষণ করছে।
একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য হামলার আগে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই যে তাৎক্ষণিক হামলা চালানো হবে—এমন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত নয় বলে আরেকটি সূত্র জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।
