বরিশালের মেহেন্দিগঞ্জে পাওনা আদায় নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিএনপি নেতার পিটুনিতে খোরশেদ আলম সিকদার (৫৭) নামে একজন ট্যানারি শ্রমিক নিহত হয়েছেন।
এসময় প্রতিপক্ষের হামলালায় আহত হয়েছেন আরো ৪জন । রোববার বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াি এ তথ্য নিশ্চিত করেছেন ।
নিহত খোরশেদ আলম সিকদার চরহোগলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ট্যানারি শ্রমিকে কাজ করেন। এ ঘটনায় আহতরা হলেন, তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম।
স্থানীয়রা জানায়, নিহত খোরশেদ আলমের কাছে নির্মাণ কাজের বকেয়া টাকা পেতেন ঠিকাদার রাজমিস্ত্রি বিএনপি নেতা জাহাঙ্গীর ।
রোববার সকালে, বিকেল ৩টার দিকে এ বিষয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন খোরশেদ পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় খোরশেদ আলমের পরিবারের আরও ৪ জন আহত হয়।
এঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, ২২ বছর আগের পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনায় একজন মারা গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
