গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ববিতা বেগম (৩০) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গও উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকার আমলাগাছী সড়ক সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ববিতা বেগম উপজেলার বেতকাপা ইউনিয়নের আমলাগাছী এলাকার হারুন মিয়ার স্ত্রী। তারা ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী হারুন মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় ববিতার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহের পাশ থেকে একটি বিচ্ছিন্ন পুরুষাঙ্গ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম। ওসি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
