পুলিশ মোতায়েন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ঘোষণা দিয়েছে মালিক সমিতি। ইতোমধ্যে বিভাগের সকল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে এ ধর্মঘটের ডাক দেন তারা। মধ্যরাত থেকেই বিভাগজুড়ে পাম্প থেকে সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও যাত্রীরা।
সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির মুখপাত্র রিয়াসাদ আজিম আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।
মালিকদের দাবি, প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। মালিকদের অভিযোগ, পাম্পগুলোতে পুলিশ মোতায়েন, ট্যাগ অফিসার বসানোসহ নানা হয়রানি করা হচ্ছে।
