সাবেক লঙ্কান ক্রিকেটারের বাসা থেকে শ্যালকের মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাপিলা চন্দ্রসেনা। ২০১৩ সালে ১০টি এয়ারবাস কেনায় ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন তিনি। লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি সিলভার শ্যালকও কাপিলা। আজ (শুক্রবার) কল্লুপিতিয়াতে সাবেক ক্রিকেটারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পেদ্রিস প্লেসের বাসায় পাওয়া গেছে কাপিলার মৃতদেহ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই পরিবারের মধ্যে বেশ ঘনিষ্ঠতা ছিল। কাপিলা ও ডি সিলভা দুই বোন প্রিয়াঙ্কা নিওমালি ও আনুশকা ডি সিলভাকে বিয়ে করেন।
প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। যদিও আসল কারণ জানতে আনুষ্ঠানিক অনুসন্ধান ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
কলম্বোর বার্নেস প্লেসে কাপিলার বাসা। গতকাল ডি সিলভার বাসায় আসেন তিনি। একই দিনে তার বিরুদ্ধে জামিনের নিয়ম লংঘন করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সাবেক এই বিমান কর্মকর্তার মৃত্যুর খবরে প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেট অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ঘটনাস্থলে যান।
