যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের অভিযানের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে।
পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসককি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে তিনজনকে মৃত এবং আরও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করা হয়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়।
অভিযানের সময় তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ খুঁজে পান।
পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানেই হিকম্যান ও আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ঘটনাটি ওই সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে যুক্ত কর্মকর্তাদের জন্যও চ্যালেঞ্জিং।
নিহতদের নাম, বয়স বা লিঙ্গ প্রকাশ করেনি পুলিশ। তাদের স্বজনদের বিষয়টি জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

