দীর্ঘ প্রায় নয় মাস পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। তবে চিকিৎসা এখনো চলছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও কাজে ফেরার পরিকল্পনার কথা জানান এই অভিনেত্রী।
তানিয়া জানান, বর্তমানে তাঁর কেমোথেরাপির চতুর্থ মাস চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কী হবে, তা চিকিৎসকরা জানাবেন বলে জানান তিনি।
চিকিৎসার মধ্যেই অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন তানিয়া। ফেসবুক লাইভে তিনি জানান, চলতি মাস থেকেই নাটকের শুটিং শুরু করতে চান। এ নিয়ে কথাবার্তাও চলছে, যদিও ঠিক কবে থেকে কাজ শুরু করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি।
দীর্ঘ বিরতির কারণ জানিয়ে তানিয়া বলেন, অসুস্থতার কারণেই প্রায় নয় মাস শুটিং করতে পারেননি তিনি। এখনো পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তাই পরিস্থিতি বিবেচনা করেই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান অভিনেত্রী।
শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের ভালোবাসা ও আগ্রহকেও গুরুত্ব দিয়েছেন তানিয়া। যারা তাঁকে ভালোবাসেন, সমর্থন করেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় আছেন, তাঁদের জন্যই আবার কাজ শুরু করতে চান বলে জানান তিনি। দীর্ঘ বিরতির পর তাঁর এই ফেরার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
এদিকে তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।

