ব্রাজিল ০ নরওয়ে ২

ফুটবল বিশ্বে ব্রাজিল মানেই একচ্ছত্র আধিপত্য, তবে একটি দলের কাছে তারা যেন একেবারেই অচেনা। দলটি হলো নরওয়ে! পরিসংখ্যান ঘাঁটলে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ, এই ইউরোপীয় দলটির বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয়ই নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী ৬ জুলাই শেষ ষোলোর মহারণে সেই আক্ষেপ ঘোচানোর পাশাপাশি নতুন ইতিহাস লেখার মিশনে মাঠে নামবে সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক/নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াই ব্রাজিলের জন্য শুধু টিকিট পাওয়ার নয়, বরং পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ারও সুযোগ।

দুই দলের অতীত সমীকরণ দেখলে ব্রাজিলের সমর্থকদের হতাশই হতে হবে। এখন পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে দুটিতে জিতেছে নরওয়ে, আর বাকি দুটি অমীমাংসিত। অর্থাৎ, জয়-পরাজয়ের হিসাবে নরওয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

অতীত পরিসংখ্যান দেখলে- ১৯৮৮ (প্রীতি ম্যাচ) প্রথম দেখায় কেউ কাউকে হারাতে পারেনি, ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। ১৯৯৭ (প্রীতি ম্যাচ) দ্বিতীয় দেখায় ব্রাজিলকে রীতিমতো চমকে দিয়ে ৪-২ গোলের বড় জয় তুলে নেয় নরওয়ে। ১৯৯৮ (বিশ্বকাপ) বিশ্বমঞ্চে প্রথম দেখায় প্রথমে গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় নরওয়ে। সেবার ২-১ গোলের ঐতিহাসিক জয় পায় তারা। ২০০৬ (প্রীতি ম্যাচ) সর্বশেষ দেখায়ও জয়ের মুখ দেখেনি ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে এই দুই চিরচেনা প্রতিপক্ষের। একদিকে ভিনিসিয়ুস-নেইমারদের সামনে হেক্সা মিশন বাঁচিয়ে রাখার পাশাপাশি নরওয়ের বিপক্ষে নিজেদের প্রথম জয়ের স্বাদ পাওয়ার বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডরা চাইবেন ব্রাজিলের বিপক্ষে নিজেদের অজেয় রেকর্ড ধরে রাখতে।