কুড়িগ্রামের নাগেশ্বরীতে রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে ৫ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তির নাম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটির ১৮ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত আফাজ উদ্দিনের নাম।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ছিলেন রামখানা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুর পর তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অথচ মৃত্যুর প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তার নাম থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
নেতাকর্মীদের অভিযোগ, কমিটি তৈরির সময় যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। শুধু মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্তিই নয়, নবগঠিত কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও স্থান দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না—এমন অনেক ব্যক্তিকেও পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
