শেষবারের মতো মুখোমুখি দুই কিংবদন্তি, আজ কাঁদবে পুরো ফুটবলবিশ্ব

আজকের ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এক দল উৎসবে মাতলেও অন্য দল স্তব্ধ হয়ে যাবে। তবে হার-জিতের চেয়েও এই ম্যাচটি হয়ে উঠেছে এক আবেগঘন মহারণ। এটি হতে পারে সময়ের সেরা দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

রিয়াল মাদ্রিদের সোনালী দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব জয় করা ৪১ বছর বয়সী রোনালদো ও ৪০ ছুঁইছুঁই মদ্রিচ আজ মুখোমুখি। ইউরোজয়ী রোনালদো হয়তো বিশ্বকাপ দিয়েই তার অমরত্বের গল্প শেষ করতে চেয়েছিলেন, অন্যদিকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট মদ্রিচও গোধূলিলগ্নে দাঁড়িয়ে।

নকআউটের নিষ্ঠুর নিয়মে দুজন একসঙ্গে পরের রাউন্ডে যেতে পারবেন না। যিনিই হারবেন, তার চোখের জলে ভিজবে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়; আজ রাতে কাঁদবে পুরো ফুটবলবিশ্ব।