কাঁদলেন নেইমার, পেনাল্টিতে করা গোলটিই ব্রাজিলের জার্সিতে তাঁর শেষ?

হেক্সা মিশন সফল করতে আরও চার বছর অপেক্ষা করতে হবে ব্রাজিলকে। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ ছুঁতে না পারার অপেক্ষা এবার বাড়বে ২৮ বছরে। ততদিন কি আর ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার জুনিয়র? এবারের আসরে নরওয়ের বিপক্ষে ম্যাচের শেষ মুহুর্তে করা পেনাল্টি গোলটিই কি ব্রাজিলের জার্সিতে শেষ? এবার কি জাতীয় দলকে বিদায় বলবেন এই তারকা?

কার্লো আনচেলত্তির ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকারই কথা ছিল না নেইমার জুনিয়রের। চোটের কারণে তিন বছর দলের বাইরে ছিলেন তিনি। তবে বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার স্বপ্ন নিয়েই অবসরের ঘোষণা দেননি।

অবশেষে বিশ্বকাপের একেবারে আগমুহূর্তে স্কোয়াডে ডাক পান তিনি। টুর্নামেন্ট খেলতেও এসেছিলেন চোট নিয়েই। যে কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতেও পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন ১৫ মিনিটের জন্য। জাপানের বিপক্ষে তাকে নামাননি আনচেলত্তি।

আজ নরওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামলেও জাদু দেখাতে পারেননি। নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় সেলেসাওদের। আর বিদায়ের এই ম্যাচে নাটকীয় মুহূর্তে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ ভাগে পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার।

এদিকে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, নেইমার কি জাতীয় দলের জার্সিতে আর খেলবেন?

চলতি বিশ্বকাপেই নেইমারের খেলার সম্ভাবনা ছিল না। শেষ মুহূর্তে ডাক পেয়েছেন। ব্রাজিলিয়ান পোস্টার বয়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করলে পরবর্তী বিশ্বকাপে তাঁর খেলা বেশ কঠিন। এখন তাই প্রশ্ন, নেইমার কি আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন নাকি দিবেন অবসরের ঘোষণা? উত্তর হয়তো জানা যাবে খুব শীঘ্রই।