ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু। পদত্যাগের পর তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন (এনপিএ)-এ যোগ দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘমল্লার বসুর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের জমা দেওয়া পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।
আরও দেখুন
চলতি বছরের শুরুতে ‘নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন’ (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। সে সময় প্রকাশিত ৯৯ সদস্যের তালিকায় মেঘমল্লার বসুর নাম থাকায় তাকে ঘিরে আলোচনা শুরু হয়। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, ছাত্র ইউনিয়ন থেকে সরে গিয়ে তিনি এনপিএতে যোগ দিয়েছেন।
ছাত্র ইউনিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ কারণেই তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
আরও দেখুন
সংগঠনটি আরও জানায়, পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে। একই সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
