নোয়াখালীর চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরীয়া ইউনিয়নে বিএনপি নেতাসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন (শাহিন মাস্টার) ও তার ছেলে সামির হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহতরা হলেন— হাটপুকুরীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন (শাহিন মাস্টার), তার ছেলে চাটখিল উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সামির হোসেন এবং একই ইউনিয়নের ছাত্রদল সভাপতি প্রার্থী শরিফুর রহমান আপন।
অভিযোগে বলা হয়, যুবদল নেতা হারুনের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় নেতৃত্বদানকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন, মোঃ সোহাগ (ডাকাত), মোঃ রনি, মোঃ ফাহাদ, মোঃ আহাদ, মোঃ ইরাম, মোঃ হারুনুর রশিদ, মোঃ ইয়াসিনসহ আরও ৭-৮ জন।
হামলায় গুরুতর আহত হয়ে শাহিন মাস্টার ও তার ছেলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে হাটপুকুরীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন মাস্টার জানান, তারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা শেষে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সুত্র: চাটখিল টিভি

