চাঁদা তুলতে বাঁধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর যুবদলের হামলা, আহত ১৫

সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষেও ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাথে চাঁদাবাজিতে বাধা দেয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবদল।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের অনুসারীরা ফুটপাতে দোকান বসানো ও বিভিন্ন ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। বিকেলে ঢাকা কলেজ ছাত্রদলের একদল নেতাকর্মী ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে এই দৃশ্য দেখে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে যুবদল নেতাকর্মীরা গালিগালাজ ও বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এর কিছুক্ষণ পর কে এম চঞ্চলের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে।

হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার, হাবিবুর (৩০), প্রিন্স খন্দকার (৩০) ও মুশফিকুর রহমান।

আহত সুমন সিকদার জানান, চাঁদাবাজিতে বাধা দেয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার সময় সন্ত্রাসীরা আমার ডান হাতে রামদা দিয়ে কোপ দেয়।

বর্তমানে আহতদের মধ্যে আট থেকে ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং দু’জন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে সায়েন্সল্যাব ও প্রিয়াঙ্গন শপিং সিটি এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট যুবদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে উঠেন নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল। তিনি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ৪ নম্বর আসামি।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষেও ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন উদ্দিন আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

Share post:

আরও খবর