ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮.২২ ডলারে উঠেছে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের আরাগচি বলেন, এসব শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।
তবে ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। পরে তিনি নিজেই বলেন, ‘তারা একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।’

