ভারতের দক্ষিণ দিল্লির সফদরজং এলাকায় নিজ বাড়িতে একজন বিচারক আত্মহত্যা করেছেন। শনিবার (২ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী আমান কুমার শর্মাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার শ্যালক পুলিশকে খবর দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই বিচারক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সব দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
বার্তা সংস্থা পিটিআই জানায়, আমান কুমার শর্মা ২০২১ সালের ১৯ জুন দিল্লি জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেছিলেন। তিনি পুনের সিম্বায়োসিস ল স্কুল থেকে স্নাতক এবং ২০১৮ সালে বিএ এলএলবি সম্পন্ন করেন।
বিচারকের দায়িত্ব পালনকালে আমান কুমার শর্মা বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তি করেছেন। তিনি প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দেওয়ানি জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের অক্টোবরে আমান কুমার শর্মা উত্তর-পূর্ব জেলার করকরডুমা আদালতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (ডিএলএসএ) পূর্ণকালীন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
