ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা নারীকে তুলে নিয়ে পালাক্রমে দুই দফা ধর্ষণের অভিযোগে বেলাল সিকদার নামে এক রিকশাচালক এবং নাসির নামে এক মোটরসাইকেলচালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চা খাওয়ানোর কথা বলে ওই নারীকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঝালকাঠি সদর থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পরে দুইজনকে আটক করা হয়।
আটক মো. বেলাল সিকদার ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. নাসির মল্লিক বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের বাসিন্দা।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

