থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষ করে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তার সঙ্গে চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুটিংয়ের কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর ছিল। সেখানে শুটিং শেষ করে নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্কুটি চিত্রগ্রাহক মেহেদী রনি চালাচ্ছিলেন।

অভিনেতা খায়রুল বাসার দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাটকের শুটিং করার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। কাজ ঠিকমত হচ্ছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং ছিল। একপর্যায়ে পাহাড়ের ওপর শুটিং করেন। সবই ঠিকমত হয়েছে। কিন্তু সেখান থেকে নামার সময় হঠাৎ তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। আর সঙ্গে সঙ্গে তারা পড়ে যান।

সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন। এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। আমরা এখন পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব আমরা। আর এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়।

Share post:

আরও খবর