ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন খান। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়। লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জন করায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
এদিন সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেফতাহুল হোসাইন আল মারুফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মহিউদ্দিন খানকে অভিনন্দন জানান। সেখানে তার একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পাওয়ার কথা উল্লেখ করা হয়।ডিজিটাল ম্যাপ দেখুন
সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন খান। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। মাস্টার্সের প্রথম সেমিস্টারেও ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। মহিউদ্দিন খানের বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়।

