ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে মো. শাকিল এক বাংলাদেশি শিশুর মরদেহ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে বিএসএফ তার মরদেহটি নিয়ে যায়।
শাকিল উপজেলার সীমান্তবর্তী গ্রাম আব্দুল্লাহপুরের মালু মিয়ার ছেলে। গত দুই দিন ধরে সে নিখোঁজ ছিল। শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল বলে পরিবারের লোকজন জানায়।
পরিবারের সদস্যরা জানায়, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল।
শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিজিবি-বিএসএফ বিষয়টি নিয়ে আলোচনা করে। শাকিলের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। তবে মরদেহটি ভারত সীমানায় পাওয়া গেছে বলে সেখানকার পুলিশ এসে নিয়ে যায়।
বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে সে দেশে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রক্রিয়া অনুযায়ী মরদেহ দেশে আনা হবে।

