টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের (২৪ আগস্ট) পর মঙ্গলবারও (২৫ আগস্ট) বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এমন অবস্থায় বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাসসহ ভারী বৃষ্টির আশঙ্কায় ভারতের রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি আর ধীরগতির যান চলাচলে সোমবার ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। তবে পরিস্থিতি এখনও কাটেনি। মঙ্গলবারও দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার সকালে দেয়া আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি জানিয়েছে, রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যাত্রীদের জানানো হয়েছে। যাত্রীদের জন্য দেয়া এক বার্তায় বলা হয়েছে, ‘ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি বিমানবন্দরের আশপাশে বৈরী আবহাওয়া তৈরি হতে পারে। তবে বর্তমানে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।’
এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে মোট ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।
কিন্তু হঠাৎ এত ভারী বৃষ্টির কারণ কী? আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্তের মতে, এর পেছনে রয়েছে উত্তরের শুষ্ক বাতাস এবং জলীয়বাষ্প বহনকারী পূর্ব দিকের বাতাস।
তিনি বলেন, ‘আজকের তীব্র বৃষ্টির দুটি প্রধান কারণ রয়েছে। একদিকে উত্তর দিক থেকে দিল্লিতে শুষ্ক উত্তরের বাতাস ঢুকছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্ব দিকের বাতাস দিল্লির দিকে প্রবাহিত হচ্ছে। এই দুই ধরনের বায়ুর মিথস্ক্রিয়ায় দিল্লিতে বজ্রঝড়সহ তীব্র বৃষ্টি হচ্ছে।’
এদিকে সোমবার এক ঘণ্টার বৃষ্টির পর দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে স্কুলবাস আটকে আছে। অনেক গাড়িচালককে নিজেদের গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়।
এমন অবস্থায় বৃষ্টিতে সৃষ্ট ভোগান্তির কথা বিবেচনা করে অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে গুরগাঁও প্রশাসন।

