নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে বিয়েতে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন (৫৫)।
উদ্ধার হওয়া তিনজন হলেন- সামিয়া (১৭), সজীব (২৪) ও সামিন (৫)। তাদের লাশ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দী গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতদের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দী গ্রাম থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি স্টিলবডি নৌকা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে যায়। সোনারগাঁওয়ের আমান সিমেন্ট কারখানাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নয়জনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে একজন পরে মারা যান। ওই ঘটনায় একই পরিবারের চার সদস্য নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে শনিবার ভোরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন।
মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ একই পরিবারের ৪ জন
মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ একই পরিবারের ৪ জন
ফুটবল খেলে বাঁকখালী নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
ফুটবল খেলে বাঁকখালী নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
নিহতদের লাশ গ্রামের বাড়িতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকেই শ্রীমুদ্দী গ্রামে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতদের এক স্বজন বলেন, বিয়ে খেতে এসে একই পরিবারের চারজন এভাবে মারা যাবেন, এটা আমরা কখনো কল্পনাও করিনি।
পরিবারের সদস্যরা জানান, নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে। নিহতদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনেরা।

