জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নেত্রকোনার মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজাহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর শনাক্তের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক শামসুল হক চ্যাম্পিয়নও স্থানীয় যুবদলের এক বহিষ্কৃত নেতা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাজহারুল ইসলাম জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে তাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। পরে অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

মোটরসাইকেলের মালিক শামসুল হক চ্যাম্পিয়ন মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। তাকে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি সেখানে নেই।

পরে এ ঘটনায় শামসুল হক চ্যাম্পিয়ন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়। জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, জয়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জয় আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

এদিকে শামসুল হক চ্যাম্পিয়নের বহিষ্কারের বিষয়টি মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল নিশ্চিত করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পরিহিত পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়। তার প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার একটি দোকানের পাশ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে জয়সহ একটি চক্র জড়িত থাকতে পারে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর