কওমিপন্থি সাত ইসলামী দলের ঐক্যের সমন্বিত রূপরেখা চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে সাত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সাত দলের পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রতিনিধিদের মতামত ও আলোচনার ভিত্তিতে ঐক্যের সমন্বিত রূপরেখা চূড়ান্ত করার কথা রয়েছে। বৈঠকে রূপরেখা চূড়ান্ত হওয়ার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তা ঘোষণা করবেন বলে জানা গেছে।
কালবেলাকে বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন এতে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করীম আবরার এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
সাত দলের ঐক্য প্রক্রিয়ায় ঐক্যের ধরন, রাজনৈতিক কর্মকৌশল ও সাংগঠনিক কাঠামো নিয়ে দলগুলোর পৃথক প্রস্তাব রয়েছে। একই সময়ে ঐক্যে থাকা দলগুলো অন্য কোনো রাজনৈতিক জোটে থাকতে পারবে কি না, এটিও আলোচনার অন্যতম বিষয়। এসব বিষয়ে সাত দলের প্রস্তাবে ভিন্নতা রয়েছে।
গত ১ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের উদ্যোগে গঠিত সাত সদস্যের উপকমিটির বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করা হয়। পরে সেগুলো সমন্বয় করে একটি রূপরেখা তৈরির কাজ শেষ হয়। তবে ওই রূপরেখা সাত দলের প্রতিনিধিদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ কালবেলার সঙ্গে আলাপকালে সাত দলের ঐক্য প্রক্রিয়া ও রূপরেখা তৈরির এসব তথ্য জানিয়েছিলেন।
এর আগে, গত ১৬ জুলাই সাত দলের ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত দলের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হন দলগুলোর নেতারা।
পরে সাত দলকে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতের উদ্যোগে সাত সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির ধারাবাহিক আলোচনার পর সাত দলের পৃথক প্রস্তাবের ভিত্তিতে সমন্বিত রূপরেখা তৈরি করা হয়।
সাত দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

