নিউইয়র্কের ওয়াশিংটন হাইটসে ৭ বছরের মেয়ের সামনে এক মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। নিহত লোভে উইলিয়ামসের বয়স ২৭ বছর।
অভিযোগপত্র অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর ওয়েস্ট ১৫৬তম স্ট্রিটের নিজ অ্যাপার্টমেন্টে উইলিয়ামসকে হত্যা করা হয়। পরদিন পুলিশ কল্যাণ যাচাই করতে ওই বাসায় গেলে তার ৭ বছরের মেয়ে দরজা খুলে দেয়। পরে বসার ঘরের সোফায় রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, উইলিয়ামসের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তার ডান চোখ ও কপাল মারাত্মকভাবে ফুলে গিয়েছিল। মুখে কাটা জখম, গলায় আঘাতের দাগ, দাঁত ভেঙে যাওয়া এবং হাত ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত ও কালশিটে ছিল। তার মুখের ভেতরেও রক্ত পাওয়া যায়।
প্রসিকিউটরদের অভিযোগ, উইলিয়ামসের সাবেক প্রেমিক ৪১ বছর বয়সী টিলিক থম্পসন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তদন্তে জানা গেছে, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল।
নজরদারি ক্যামেরার ফুটেজে থম্পসনকে ৬ সেপ্টেম্বর সকালে ওই ভবনে ঢুকতে ও বের হতে দেখা যায়। পুলিশ উইলিয়ামসকে দুপুর সাড়ে ১টার দিকে মৃত অবস্থায় উদ্ধারের প্রায় এক ঘণ্টা আগে তাকে ভবনের আশপাশে দেখা যায়।
উইলিয়ামসের পরিবার জানিয়েছে, থম্পসন ও উইলিয়ামসের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হত্যার পর ঘটনাটি তদন্তে নেমে পুলিশ নজরদারি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজেই পুলিশের কাছে হাজির হলে থম্পসনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, হামলা, শ্বাসরোধ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
আদালতে থম্পসন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে জামিন না দিয়ে তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মায়ের এমন মৃত্যুতে ৭ বছরের শিশুটি গভীরভাবে বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা সোমবার উইলিয়ামসের স্মরণে একটি প্রার্থনা ও স্মরণসভা আয়োজনের পরিকল্পনা করেছেন।
প্রতিবেশী লুজ পেরেজ বলেন, তিনি ওই বাসায় উইলিয়ামস ও তার মেয়েকে ছাড়া অন্য কাউকে খুব একটা দেখেননি। তার মতে, এত অল্প বয়সে মাকে হারানো শিশুটির জন্য ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

